| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর: দুলু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ২০:২৩:৪৭:অপরাহ্ন  |  ১২৫৫ বার পঠিত
দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর: দুলু

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। হিন্দু ভাই-বোনেরা যেন বুক উঁচু করে চলতে পারেন, তা নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “যুগ যুগ ধরে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিভেদ, বৈষম্য বা দূরত্ব ছিল না। ঈদ ও পূজা ছিল আমাদের সবার উৎসব। ছোটবেলায় ঈদের সময় যেমন হিন্দু বন্ধুদের বাড়িতে যেতাম, তেমনি পূজার সময়ও তাদের বাড়িতে যেতাম। আমাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন ছিল।”

গত ১৭-১৮ বছরে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। আপনাদের নিরাপত্তার বিষয়টি আমি নিজেই দেখব। কেউ হুমকি-ধমকি দিলে বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে আমাকে ফোন করবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “নাটোর ও নলডাঙ্গা আমার নির্বাচনী এলাকা। যত দিন বেঁচে আছি, আমার হিন্দু ভাই-বোনেরা বুক উঁচু করে চলবেন। কেউ বাঁকা চোখে তাকালে কিংবা হুমকি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে জানানো হয়, নাটোর সদর উপজেলার ৮২টি পূজামণ্ডপে ৬০০ কেজি করে এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতা-কর্মীরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪