বগুড়া প্রতিনিধি: আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সরাসরি মন্দির পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করবেন।
শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্গোৎসব আনন্দমুখর করতে সরকার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছে। প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন।
শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচনে বিশ্বাস করে না। একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের রাজনৈতিক সম্পদ মনে করত। কিন্তু ভোটের মাধ্যমে প্রমাণ হয়েছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের দাসত্ব করে না। বিএনপি জনগণের ভোটের মাধ্যমেই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “জামায়াত মুসলমানদের বেহেশতের লোভ দেখায়, আর হিন্দুদের ঢাকের তালে উলুধ্বনিও দেয়।” তিনি বলেন, ১১ দলীয় জোট বিরোধী দলের আসনে বসেও দায়িত্বশীল আচরণ করছে না। তাদের একদফা দাবির কথা বলাটাও হাস্যকর। জনগণ ইতিমধ্যে ‘দুমুখো অভিনেতাদের’ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে তাঁর নিজস্ব তহবিল থেকে নগদ অনুদান দেন। এ ছাড়া নারীদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া শাড়ি উপহার তুলে দেন। পরে মোকামতলা বন্দর সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।
রিপোর্টার্স২৪/রাফিদ