নাটোর প্রতিনিধি: নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেস ব্রিফিং করেছে এসআরবি-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে নাটোরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয় কালীবাড়ি প্রাঙ্গণে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন এসআরবি নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় বিশ্বাস।
প্রেস ব্রিফিংয়ে তন্ময় বিশ্বাস বলেন, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপে যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবেন।
তিনি আরও বলেন, নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন এবং মন্দির পরিদর্শন করতে পারেন, সে জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা থাকবে।
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব