রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল সরদার (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এরপর তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বুকের বাঁ পাশে গুলির আঘাত ছিল।
এদিকে, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ পিয়ারুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিয়ারুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
রিপোর্টার্স২৪/রাফিদ