রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গাঁজাসহ মজনু শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটক মজনু শেখ গোয়ালন্দ বাসস্ট্যান্ডের বেপারী পাড়ার বাসিন্দা। তিনি মৃত ইয়ার শেখের ছেলে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলার বাসস্ট্যান্ডের ব্যাপারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফুল হক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে মজনু শেখের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মজনু শেখকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব