গোপালগঞ্জ প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
সকাল ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার ঘটনাও ভিডিওতে ধরা পড়ে, যেখানে দেখা যায় হামলাকারীরা পুলিশ সদস্যকে ধাওয়া করছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, “জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা আয়োজন করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। এই কর্মসূচিকে বানচাল করতে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন দেয় ও ভাঙচুর করে।”
তিনি আরও জানান, হামলার সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীদের দেখা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে সকালেই সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। ইউএনও জানান, “জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে গান্ধিয়াশুর এলাকায় আমার গাড়িবহর লক্ষ করে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।”
তিনি আরও বলেন, “পদযাত্রার আগে কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে আসার কথা ছিল। পরিকল্পিতভাবে এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে এমন হামলা হয়েছে বলে মনে করছি।”
এনসিপি সূত্রে জানা গেছে, জুলাই মাসজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে কর্মসূচি চালিয়ে যাচ্ছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে বুধবার পদযাত্রার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন। এরপর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতারাও কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
.
রিপোর্টার্স২৪/এস