কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, সদর উপজেলার ভারুয়াখালীর জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা (২৭), তার বোন রেনু আক্তার (১৩), আসমাউলের দুই শিশু সন্তান আতা উল্লাহ (১) ও আশেক উল্লাহ(৩) ও অটোরিকশা চালক হাবিবুর রহমান।
শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার রশিদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে দপ্তর। কমিটিতে সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী নির্বাহী প্রকৌশলীকে সদস্য করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামু থেকে উপজেলার ভারোয়াখালী যাওয়ার পথে রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেখানে গেটম্যান থাকে না। ওই জায়গায় নির্দেশনা সাঁটানো রয়েছে নিজ দায়িত্বে পারাপার হওয়ার জন্য।
রামু থানার ওসি তৈয়বুর রহমান জানান, দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।