হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
দিনের শুরুতে ২৪শে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শাহাদাতবরণকারী শহিদ মো. সেলিম আলী শেখ ও শহিদ কাওসার মিয়ার সমাধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক মিনিট নীরবতা পালনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে হালুয়াঘাট পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন একাডেমি সুপারভাইজার মো. সাইফুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ হাফিজুর ইসলাম হারুন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল হোসেন, উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রাইসুল ইসলাম, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মঞ্জুরুল হক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলকার নাইমসহ শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ।