লক্ষ্মীপুর প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে লক্ষ্মীপুরে প্রশাসনের কর্মকর্তা ও জেলার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় শহীদ আফনানের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন, সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই সময়ে শহীদ কাউছার, সাব্বির ও ওসমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানায় স্থানীয় প্রশাসন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন তারা। নিহত আফনানের মা সন্তান হত্যার বিচার দাবি করে প্রধান আসামী সন্ত্রাসী টিপুসহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানিয়ে রাষ্ট্র সংস্কারেরও দাবি করেন।
পরে সদর উপজেলা পরিষদ হলরুমে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে জুলাই শহীদ সম্মিলন অনুষ্ঠিত হয়।
সম্মিলনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের বক্তব্যে বলেন, শহীদদের আত্মদান ও তাদের চেতনাকে সমুন্নত রাখতে কাজ করছে সরকার। সকল জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে কাজ করছে প্রশাসন।
এছাড়া জেলার অন্যান্য শহীদ সদস্যদের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।