রিপোর্টার্স২৪ ডেস্ক :
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে রাতের অন্ধকারে রড বোঝাই করা একটি ট্রাক ডাকাতি করে নিয়ে আসে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায়। রড আনলোড করার সময় হাতেনাতে যুবদল কর্মীসহ দুই ডাকাতকে গ্রেফতার করে কবিরহাট থানা পুলিশ।
রোববার (১০আগস্ট) সন্ধ্যায় আটক দুইজনসহ ১০-১২ জনের বিরুদ্ধে কবিরহাট থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে বলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ১২ টার সময় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। অভিযুক্ত যুবদলকর্মীকে রোববার বিকেলে যুবদলের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কবিরহাট উপজেলার মধ্য সুন্দলপুর গ্রামের নিরা মিয়া বাড়ির মফিজুর রহমান আনন্দ মাষ্টারের ছেলে যুবদলকর্মী সোলেমান সুজন (৩৫), কবিরহাট পৌরসভা উত্তর ঘোষবাগ গ্রামের ৯ নম্বর ওয়ার্ড ওমর আলী বাড়ির ওমর আলীর ছেলে আবু ছায়েদ (৪৫)।
পুলিশ জানায়, শনিবার রাতে ডিউটিরত অবস্থায় কবিরহাট বাজার এবং বাটইয়া ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজারের মাঝামাঝি অবস্থায় দুইজন যুবককে দেখে টহল পুলিশ। তাদের সন্দেহ হলে জানতে চাইলে, তারা গাড়ির ড্রাইভার ও হেলপার পরিচয় দেয়। কুমিল্লা থেকে তাদেরকে মারধর করে রডসহ গাড়ি ডাকাত দল কবিরহাটের দিকে নিয়ে আসে। তাদের ভুঁইয়ারহাট নামিয়ে দিয়ে রডসহ গাড়ী ও তাদের মুঠোফোন নিয়ে যায় ডাকাতরা। এ সংবাদে পুলিশ বিভিন্ন ভাবে চেষ্টা করে গাড়ির মালিকের সাথে যোগাযোগ করতে সক্ষম হলে মালিক গাড়িতে থাকা ট্রেকার চেকিং করে জানান, গাড়িটি কবিরহাট থেকে মাইজদীর দিকে নিয়ে যাচ্ছে। তৎক্ষনাৎ সুন্দলপুর থেকে পুলিশ রডসহ গাড়ী উদ্ধার ও নামোল্লেখিত দুই ডাকাতকে গ্রেফতার করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দলপুর ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছালে রড আনলোড হওয়ার আওয়াজ পেয়ে সেখানে গিয়ে হাতেনাতে দুইজন ডাকাতকে রড ও গাড়ি সহ গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার দুই ডাকাতসহ ১০-১২ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রজু করা হয়েছে। মামলার অপরাপর আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ট্রাকসহ রড ডাকাতির ঘটনায় অভিযুক্ত যুবদলকর্মী সোলেমান সুজনকে রোববার বিকেলে যুবদলের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সুমন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই বিজ্ঞপ্তিতে যুবদলের যে কোন পর্যায়ে নেতাকর্মী বহিষ্কৃত সুজনের সাথে কোন রকম সম্পর্ক স্থাপন করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে সর্তক করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম