কক্সবাজার প্রতিনিধি :
দীর্ঘ বিরতির পর আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত। রবিবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে চলা প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পান সীমান্তবর্তী গ্রামবাসী।
স্থানীয়দের ধারণা, স্বাধীনতাকামী বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও অন্য একটি বিদ্রোহী সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়েছে। কারণ, তুমব্রুর ওপারে আরাকান আর্মির দুটি ক্যাম্প রয়েছে।
বিজিবির সতর্কাবস্থা
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, রাতের বেলায় মিয়ানমারের অভ্যন্তরে ৩৪-৩৫ নম্বর পিলারসংলগ্ন এলাকায়, শূন্যরেখা থেকে প্রায় ৩০০-৩৩০ মিটার দূরে গোলাগুলির ঘটনা ঘটে। এ খবর পাওয়ার পর সীমান্তে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তার ধারণা, আরাকান আর্মি ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা বা আরএসওর মধ্যে সংঘর্ষের ফলেই এ ঘটনা ঘটতে পারে।
প্রেক্ষাপট
দীর্ঘদিন ধরে মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। ২০২৪ সালের ডিসেম্বরে তারা মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন অংশের ২৭১ কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে। প্রায় ৫ মাস শান্ত থাকার পর হঠাৎ এই গোলাগুলির ঘটনা সীমান্তে নতুন উদ্বেগ তৈরি করেছে।