রিপোর্টার্স২৪ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বর্তমান সরকার নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকারের জন্য নির্বাচন আয়োজন করা হবে।
মালয়েশিয়ার পুত্রাজায়ায় এক বক্তৃতায় তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশকে স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা মালয়েশিয়ার কাছ থেকে সেই সহযোগিতা প্রত্যাশা করি।
প্রধান উপদেষ্টা স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে তিনি একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন এবং পরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
বুধবার আগামীকাল তিনি ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম)-এর আচার্য এবং নেগেরি সেমবিলানের রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়াও ইউকেএম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তৃতা প্রদান করবেন।
রিপোর্টার্স২৪/ঝুম