রিপোর্টার্স২৪ ডেস্ক :
উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ আগস্ট) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
সিনপটিক অবস্থা
সকাল ৬টায় সৃষ্ট এই লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ বিস্তৃত পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু উত্তরাঞ্চলে সক্রিয়, অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
বুধবারের আবহাওয়া
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী দিনের পূর্বাভাস
বৃহস্পতিবার: রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি। কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
শুক্রবার: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বৃষ্টি। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার: চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় বৃষ্টি। চট্টগ্রাম ও সিলেটে কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
রোববার: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি। কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত।
পাঁচ দিনের সারসংক্ষেপ: বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এস