রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপ মানেই বাড়তি উত্তেজনা দেখা দেয় দর্শকদের মাঝে। আর সেই উত্তেজনাকে ঘিরেই বিজ্ঞাপন বাজারে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য গুনতে হবে ১৬ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকারও বেশি। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরেই এই আকাশছোঁয়া দর নির্ধারণ করেছে সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সনি স্পোর্টস।
শুধু একটি ম্যাচেই বিজ্ঞাপন দিতে চাইলে খরচ হবে প্রায় সাড়ে চার কোটি রুপি। তবে শর্ত হলো ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনের পাশাপাশি অন্য ম্যাচেও স্পট বুকিং করতে হবে।
স্পন্সরশিপের বিশাল অঙ্ক: কো-স্পন্সরশিপ (টিভি) ১৮ কোটি রুপি, সহযোগী স্পন্সরশিপ (টিভি) ১৩ কোটি রুপি, কো-স্পন্সরশিপ (ডিজিটাল) ৩০ কোটি রুপি, হাইলাইটস স্পন্সরশিপ ৩০ কোটি রুপি, সহযোগী স্পন্সরশিপ (ডিজিটাল) ১৮ কোটি রুপি।
প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচের লড়াই। যেখানে সর্বোচ্চ তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রথম ম্যাচটি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া এশিয়া কাপের পুরো আয়োজন কল্পনাও করা যায় না। আর সেই উত্তেজনাকেই পুঁজি করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে কোটি কোটি অর্থ আদায় করছে আয়োজকরা।
রিপোর্টার্স২৪/ঝুম