কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে আমেরিকান নাগরিক এলিজাবেথ হিলটন কিম্মেল (৫৪) নামের এক নারীকে যৌন নীপিড়নের অপরাধে এক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে তারিকুল ইসলামকে (২২) এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডের দেওয়া হয়।আজ মঙ্গলবার (১৯ আগস্ট) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম জিললুর রহমান এ রায় প্রদান করেন।
এদিকে পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১০ মার্চ কক্সবাজার পৌরসভার হিলটপ সার্কিট হাউজ সড়কে ওই মার্কিন নাগরিক যৌন হয়রানির শিকার হন।
বাদীনির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ছয় ঘন্টার মধ্যে অজ্ঞাতনামা আসামি তারিকুল ইসলামকে (২২) গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে এবং ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অভিযোগপত্র দাখিল করা হয়। আসামি বর্তমানে জেল হাজতে রয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার কক্সবাজার জেলায় আগমনের কয়েক দিন পূর্বে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। বাংলাদেশ পুলিশ দ্রুততম সময়ে যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অভিযোগ সূত্রে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এলিজাবেথ তার স্বামীর চাকরির সুবাদে কক্সবাজার শহরে অবস্থান করেন।