চাঁদপুর প্রতিনিধি :
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবীতে চাঁদপুরে মানববন্ধন করেছে জেলার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (২০ আগস্ট) শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের অঙ্গীকার পাদদেশে জেলার সরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
শিক্ষকদের দাবী হচ্ছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশ পদ নবম গ্রেডে উন্নীত করন। পদোন্নতি সমস্যা দূরীকরনে সরকারি কলেজের মত ৪ স্তরীয় পদ সোপান ও জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ।
বাসমাশিস কুমিল্লা অঞ্চলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: মাসুদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আব্দুল আজিজ শিশির, মাতৃপীঠ সরকারি বালিকা বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মো. আব্দুল খালেক, মো. মনির হোসেন, মিজানুর রহমান।
আরো বক্তব্য দেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, মো. রাশেদুল হক, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুল লতিফ মিয়াজি, দীপক কুমার ঘোষ, সহকারী শিক্ষক কিংকর চন্দ্র সাহা, মো. জসিমউদদীন, মোহাম্মদ হোসেন মিল্টন, মো. কামরুল হাসান ও সাইফুল ইসলাম রাসেল।
বক্তরা তাদের বক্তব্যে সরকারি মাধ্যমিক শিক্ষকদের দীর্ঘ দিনের বঞ্চনার ও বৈষম্যের কথা তুলে ধরেন। তারা জানান, ১৯৭৩ সালের পে স্কেলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, পিটিআই ইনস্ট্রাক্টর একই সার্কুলারে নিয়োগ ও পরস্পর বদলী যোগ্য চাকরি ছিল এবং সাবরেজিস্টার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, পুলিশের ওসি সহ সবাই ৬ষ্ঠ গ্রেডে বেতন পেতেন।
বিভিন্ন সময়ে সকল বিভাগের কর্মকর্তাদের প্রবেশ পদ নবম গ্রেডে উন্নীত করা হলেও দীর্ঘ ৫৩ বছরেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশ পদের কোন উন্নতি ঘটেনি। তাদেরকে নবম গ্রেডে উন্নীতসহ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবী জানান।
এস