লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফ হোসেন।
আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ বাহারছড়ি এলাকার নুরুল আফসার, বদিউজ্জামান ও আবদুল্লাহ।
এর আগে বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় মোজাম্মেল হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে তিন জনকে আটক করা হয়। আটককৃতরা প্রথমে তাদের কাছে ইয়াবা থাকার কথা অস্বীকার করলেও এক্সরে পরীক্ষায় তাদের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে চিকিৎসকের সহায়তায় ঔষধ প্রয়োগের মাধ্যমে পায়খানার সঙ্গে তাদের শরীর থেকে ৫ হাজার পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রক্রিয়া শেষে আটক তিন জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন