আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি ট্রাক চালকদের জন্য ভিসা প্রদান হঠাৎ স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মারাত্মক এক দুর্ঘটনার জেরে এ সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।
সামাজিকমাধ্যম এক্সে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও লিখেছেন, আমরা বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য সব ওয়ার্কার ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করছি। যুক্তরাষ্ট্রের রাস্তায় বড় ট্র্যাক্টর-ট্রেলার ট্রাক চালানো বিদেশি চালকের সংখ্যা বিপন্ন করে তুলছে মার্কিনিদের জীবন।
প্রতিবেদন মতে, সম্প্রতি ফ্লোরিডার একটি হাইওয়েতে নিয়ম না মেনে একটি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন তিনজন। ওই ঘটনার পরই ভিসা স্থগিতের পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘাতক ওই ট্রাকের চালক ছিলেন হরজিন্দর সিং নামে এক ভারতীয় নাগরিক, যিনি মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। দুর্ঘটনার পর তিনি ইংরেজি পরীক্ষায়ও ফেল করেন বলে অভিযোগ আছে।
তবে এনডিটিভি বলছে, দুর্ঘটনায় জড়িত হরজিন্দর সিং তার বাণিজ্যিক লাইসেন্স পেয়ে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন। এ কারণেই মূলত এ দুর্ঘটনাকে রাজনৈতিক মাত্রা দেওয়া হয়েছে। অঙ্গরাজ্যটি ডেমোক্র্যাটিক দ্বারা পরিচালিত, যারা ট্রাম্পের অভিবাসন-বিরোধী কঠোর ব্যবস্থার বিরোধিতা করে।
ওই ভারতীয়কে লাইসেন্স দেওয়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের ব্যাপক সমালোচনাও করেছে ট্রাম্প প্রশাসন।
নিউসমের অফিস থেকে অবশ্য জানানো হয়েছে, ট্রাম্পের অধীনেই ফেডারেল সরকার হরজিন্দ সিংকে ওয়ার্ক পারমিট দিয়েছে এবং ক্যালিফোর্নিয়া শুধু তাকে প্রত্যর্পণে সহযোগিতা করেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব