রিপোর্টার্স ডেস্ক : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারলে জাতীয় পার্টি কেন পারবে না ? গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের (নুর) ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় । এ সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ । সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই করে কি পদক্ষেপ নেওয়া হবে।
আজ শনিবার দুপুরে ঝিনাইদহে শহরের টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি (জাপা) ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। তাঁরা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করে নিজেদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। তাই দলটিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে, সেটির আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে আজ সকাল ১০টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল। পরে শহরের সরকারি কেশবচন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে এক আলোচনা সভায় অংশ নেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল ও ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী প্রমুখ।
রিপোর্টার্স২৪/ধ্রুব