আশিস গুপ্ত, নতুন দিল্লি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন যে, তিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য উভয় দেশের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন। তার ভাষায়, “আমি বললাম, শুনুন, আমরা আপনাদের সঙ্গে অনেক বাণিজ্য করতে চাই। কিন্তু এটা থামান, এটা বন্ধ করুন। যদি থামান, তাহলে আমরা বাণিজ্য করব। যদি থামান না, তাহলে কোনো বাণিজ্য হবে না।” হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প।তিনি আরও বলেন, “তারপর হঠাৎ তারা বলল, ‘আমরা মনে করি থেমে যাওয়াই ভালো।’” ট্রাম্পের মতে, বাণিজ্যের চাপই মূলত উভয় দেশকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। “অনেক কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে, তবে বাণিজ্য একটি বড় কারণ,” তিনি যোগ করেন।ট্রাম্প দাবি করেন, তার হস্তক্ষেপের ফলেই ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়ানো গেছে। “আমরা একটি পারমাণবিক সংঘাত থামিয়েছি। আমি মনে করি, সেটা একটি ভয়ানক পারমাণবিক যুদ্ধ হতে পারত। কোটি কোটি মানুষ মারা যেতে পারত,” বলেন তিনি।তিনি এও নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গেই “অনেক বাণিজ্য করবে”। ভারত সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং পাকিস্তানের সঙ্গে আলোচনা শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।এই সংকট মোকাবেলায় ভারত ও পাকিস্তান উভয় দেশের নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, “আমি খুব গর্বিত যে ভারত ও পাকিস্তানের নেতৃত্ব দৃঢ় এবং শক্তিশালী ছিল। তারা পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করেছে এবং সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছে।”ট্রাম্প শনিবার ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তান একটি “সম্পূর্ণ এবং তাত্ক্ষণিক যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক “দীর্ঘ রাতের” আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে।