রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক:
মালয়েশিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফেডারেল রিজার্ভ পুলিশ ইউনিট (এফআরইউ)-এর ৮ সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনাটি দেশটির পেরাক রাজ্যের তেলুক ইন্তান অঞ্চলের জালান চিকুস-সুঙ্গাই ল্যাম্পামে এলাকায় ঘটে। পুলিশ ও দমকল বাহিনীর তাৎক্ষণিক সাড়া সত্ত্বেও প্রাণহানির এই ঘটনা স্থানীয় প্রশাসন ও দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এফআরইউর সবচেয়ে বড় মানবিক ক্ষয়ক্ষতি।
মঙ্গলবার (১৩ মে) স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে একটি পাথর বোঝাই ট্রাক এবং পুলিশের ১৫ সদস্য বহনকারী একটি এফআরইউ ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার স্থানটি ছিল একটি ঘনবসতিপূর্ণ এবং যানবাহন চলাচল প্রবণ এলাকা, যেখানে অতিরিক্ত গতি ও ভারী যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে। হঠাৎ সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ পুলিশ সদস্য নিহত হন এবং আরও ১০ জন গুরুতর ও মাঝারি মাত্রার আঘাতে আহত হন।
পেরাক জেলার পুলিশ প্রধান এসিপি ড. বাকরি জয়নাল আবিদিন জানান, এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বাকিদের মধ্যেও সাতজন বিভিন্ন মাত্রার আঘাত পেয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরই তেলুক ইন্তান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের তাৎক্ষণিকভাবে তেলুক ইন্তান হাসপাতালে স্থানান্তর করা হয়। দেশটির পুলিশ বিভাগ এই ঘটনাকে ফেডারেল রিজার্ভ ইউনিটের ইতিহাসে অন্যতম বড় দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
এর আগে ১৯৯০ সালে কুয়ালালামপুর-কারাক হাইওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় ১১ জন এফআরইউ সদস্যসহ মোট ১৭ জন নিহত হয়েছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনা মালয়েশিয়ায় নিরাপদ সড়ক ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের বাস্তবতা স্মরণ করিয়ে দেয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব