লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকতে পারে না। তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
তিনি বলেন, ‘একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের কিছু মৌলিক বিষয় আছে, এটা জনপ্রতিনিধিরা সংসদে বসে সিদ্ধান্ত নেবে। আজকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশকে নিয়ে নাটকের মতো অবস্থা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বিএনপি এ অর্ন্তবর্তী সরকারকে সমর্থন করেছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য। ডানে বামে অন্য কোন চিন্তার অবকাশ নেই।’
শনিবার (২৪ মে) বিকেলে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে বিএনপির তৃণমূল নেতৃত্ব নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে। গুম-খুন, নির্যাতিত হয়েছে। বিএনপির দীর্ঘ আন্দোলয়ের পরিক্রমায় জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে। কিন্তু আজ বাংলাদেশকে নিয়ে চক্রান্ত, ষড়যন্ত্র হচ্ছে। আমরা অন্তবর্তীকালিন সরকারকে বলে দিতে চাই সকল চক্রান্ত, ষড়যন্ত্র নিঃশেষ হয়ে যাবে আপনারা অনতিবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষনা করে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন।’
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম স্বপন, বিএনপি নেতা এড. মাহবুব আলম খোকন, এড. জহিরুল আলম, মহিউদ্দিন পাটোয়ারী বিটু, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল ইসলাম বুলবুল, সদস্য সচিব জামাল হোছাইন, সদর থানা ছাত্রদলের আহবায়ক আবদুল মজিদ প্রমুখ।
রিপোর্টার্স২৪/ধ্রুব