রিপোর্টার্স২৪ ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া নানান ‘গুঞ্জন’ ও অনিশ্চয়তার বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে।
শুক্রবার এক বিবৃতিতে পিটিআই নেতারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনানুষ্ঠানিক বিভিন্ন মাধ্যমে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে পরস্পরবিরোধী তথ্য ছড়াচ্ছে, যা দলীয় নেতা–কর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করছে। তারা বলেন, কোনো বন্দির স্বাস্থ্য–সংক্রান্ত তথ্য প্রকাশ করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব, বিশেষ করে যখন তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী।
সরকারের নীরবতার কঠোর সমালোচনা করে পিটিআই বলেছে, স্বচ্ছতার অভাবই নানা সন্দেহ তৈরি করছে। ইমরান খানের আইনজীবী, চিকিৎসক দল ও পরিবারের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করতে সরকারকে অনুরোধ জানিয়েছে দলটি।
নেতারা আরও বলেন, যথাযথ চিকিৎসা সুবিধা না দেওয়া হলে তা মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। ইমরানের স্বাস্থ্য নিয়ে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য না পেলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে পিটিআই।
এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।- ডন
রিপোর্টার্স২৪/এসসি