সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ মে) কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ মাঠে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ১ হাজার ৪৯৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া বলেন, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের ১ হাজার ৪৯৩ জনকে চিকিৎসা প্রদানসহ প্রায় ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
তিনি আরও বলেন, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাবে।
সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বলেন, সিরাজগঞ্জের প্রত্যেকটি উপজেলাতে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বছর জুলাই মাস থেকে অদ্যাবধি সিরাজগঞ্জে ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনী ক্যাম্প জেলা প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় নিয়োজিত রয়েছে।
রিপোর্টার্স২৪/আরএইচ