| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারের গোয়েন্দা সংস্থা কী করেছে: গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ২১:০৭:০২:অপরাহ্ন  |  ৮৪৯১৯৬ বার পঠিত
সরকারের গোয়েন্দা সংস্থা কী করেছে: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, হামলার ছয় ঘণ্টা পর কীভাবে হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারল, সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা কী করেছে? এ প্রশ্নের জবাব সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোকেই দিতে হবে। এ ঘটনায় গোয়েন্দা সংস্থার ভেতরে কোনো সহযোগী লুকিয়ে আছে কি না, তা তদন্ত করে দেখারও দাবি জানান তিনি।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে শরীফ ওসমান বিন হাদির মৃত্যু উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি অ্যাড. জসিম উদ্দিন সরকার এবং ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ওসমান হাদির পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে। তার শাহাদাতের পর মানুষের মধ্যে যে জোয়ার, জজবা ও আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বিরল ঘটনা।

তিনি বলেন, নামাজে জানাজায় সরকারপ্রধান, উপদেষ্টাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নজিরবিহীন। আল্লাহ তায়ালা তাকে দুনিয়ায় মর্যাদা দিয়েছেন, আখিরাতেও উচ্চ মর্যাদা দেবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জামায়াত সেক্রেটারি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানাজায় অংশ নিয়ে হৃদয়গ্রাহী বক্তব্য দিলেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেননি। সরকারের উচিত ছিল এ বিষয়ে জাতির সামনে পরিষ্কার অবস্থান জানানো। দেশবাসীর প্রশ্ন—কেন হত্যাকারীরা গ্রেপ্তার হলো না, গোয়েন্দা সংস্থাগুলো কী করেছে এবং কারও অবহেলা বা যোগসাজশ ছিল কি না।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

জানাজায় দেওয়া সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বানও জানান তিনি। একই সঙ্গে আধিপত্যবাদমুক্ত, স্বাধীন-সার্বভৌম, ইনসাফপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ওসমান হাদি দেখেছিলেন, তা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

মাহফিলে মাওলানা এটিএম মা’ছুম বলেন, শরীফ ওসমান বিন হাদি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। ঐক্যবদ্ধভাবে সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই তার শাহাদাত স্বার্থক হবে।

হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, তার ভাই সবসময় আল্লাহর ওপর ভরসা রেখে ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গড়ার কথা বলতেন। ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন পূরণের দায়িত্ব এখন সবার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪