জয়পুরহাট প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আমাদের দাবি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে এবং তা বর্তমান অন্তর্বর্তী সরকারের অধিনে হতে হবে।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে কোনদিন দলীয় সরকারের অধিন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হয়নি। আমরা এ নির্বাচনও নিরপেক্ষ দেখতে চাই। জাতীয় নির্বাচন আমরা যেনতেন নির্বাচন দেখতে চাই না। যেনতেন নির্বাচনের জন্য আমাদের ভাই-বোনেরা জীবন দেয়নি। আমরা জেল-জুলুম, নির্যাতন, আয়নাঘরে, গুম, খুন,পঙ্গুত্ববরণ করিনি।’
রফিকুল ইসলাম খান বলেন, ‘আমাদের দেশ একটি সুন্দর দেশ। ফ্যাসিস্টরা এ দেশকে লুটপাট করে বুটের তলায় পিষ্ট করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিচার করতে হবে।’
জেলা আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশিদ, এস এম রাশেদুল আলম সবুজসহ জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
রফিকুল ইসলাম খান আরও বলেন, ‘যারা এদেশে অন্যায় রায় দিয়ে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে তাদেরও বিচার করতে হবে। সম্প্রতি সুপ্রিম কোর্টে অ্যাপিলিয়েট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ এটিএম আজহারুল ইসলামের বেখসুর খালাস দিয়েছে। এতে প্রতিয়মান হয় যে, বিগত ফ্যাসিস্ট সরকার মনগড়া রায় দিয়েছে।
রিপোর্টাস২৪/এসএমএন