| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরো দৃঢ় করতে চাই : ব্রেন্ট ক্রিস্টেনসেন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ০৪:০১:২৬:পূর্বাহ্ন  |  ১৭১৭৬৯৬ বার পঠিত
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরো দৃঢ় করতে চাই : ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই প্রত্যাশার কথা জানান।

ঢাকা মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে জানানো হয়, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করায় ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে দূতাবাস আনন্দিত। ওই পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে আমি গভীরভাবে পরিচিত। এই দেশে পুনরায় ফিরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি দক্ষ ও শক্তিশালী দলের নেতৃত্ব দিতে তিনি আগ্রহী। একই সঙ্গে তিনি বলেন, এই দলের সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখা এবং প্রতিদিন নিরলস প্রচেষ্টার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার বিষয়ে তিনি উচ্ছ্বসিত।

ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছাবেন। তার আগমনের বিষয়টি ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত মঙ্গলবার মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক ও রাষ্ট্রাচার প্রধান মো. নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে নতুন রাষ্ট্রদূতের যোগদান সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য জানায়।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং কূটনৈতিক অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন, ফলে বাংলাদেশ সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।

উল্লেখ্য, ঢাকায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪