| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৪:৪৫:১৬:অপরাহ্ন  |  ২১২৯৬০ বার পঠিত
সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না: সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, বরং এটি হবে বাংলাদেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। তিনি বলেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হওয়ার সুযোগ পাবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার পালাকাটা মাছঘাট স্টেশনে চিরিংগা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি এমন একটি সংসদ গঠন করতে চায় যেখানে কেবল তোষামোদ বা প্রশংসার সংস্কৃতি থাকবে না। সংসদ হবে জনগণের কথা বলার জায়গা। সেখানে সন্ত্রাস, ভয়ভীতি কিংবা অনৈতিক কর্মকাণ্ডের কোনো স্থান থাকবে না। সংসদে দেশের উন্নয়ন, মানুষের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়েই আলোচনা হবে।

তিনি আরও বলেন, আগামীর সংসদ হবে এমন একটি সংসদ যেখানে আইন প্রণয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে। সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরবেন। সেখানে থাকবে শক্তিশালী বিরোধী দল এবং মতের ভিন্নতা। এ ধরনের সংসদ গঠন করে বাংলাদেশ বিশ্বের বুকে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আগামী নির্বাচন হবে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের সংগ্রামের বাস্তবায়নের নির্বাচন। এটি হবে জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। তাই আমরা মনে করি, এই নির্বাচন হবে জাতির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে এবং রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হবে। সেই প্রতিষ্ঠানগুলোই ভবিষ্যতে গণতন্ত্র রক্ষার ঢাল হিসেবে কাজ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, চিরিংগা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪