| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগকে স্থায়ী নিষিদ্ধের দাবি হেফাজতের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ১৯:৪৯:৪৯:অপরাহ্ন  |  ৩৭৮৯ বার পঠিত
আ.লীগকে স্থায়ী নিষিদ্ধের দাবি হেফাজতের

স্টাফ রিপোর্টার: গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো বিবৃতিতে তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যা চালানোর পর দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন।

বিবৃতিতে অভিযোগ করা হয়, দিল্লির মদদে আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। কথিত আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন প্রতিহত করার প্রত্যয়ও ব্যক্ত করেন হেফাজতের নেতারা।

তারা বলেন, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবার এবং আহতরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাঁদের বিচারপ্রাপ্তির আকাঙ্ক্ষা উপেক্ষা করে বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে পতিত আওয়ামী লীগ ও আধিপত্যবাদের পক্ষে কথা বলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে প্রতারণামূলকভাবে ক্ষমা চেয়ে ক্ষমতায় এলেও দলটি নিজেদের পরিবর্তন করেনি। আওয়ামী লীগের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলটির শাসনামলে নির্যাতনের শিকার শহিদ পরিবার ও আহত ব্যক্তিদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।

হেফাজতের নেতাদের দাবি, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে গুম, খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যার অভিযোগের কারণে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল করা না গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তারা।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, বিভিন্ন চেষ্টা-তদবিরের পরও কোনো তৃতীয় রাষ্ট্র তাকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে হেফাজতের নেতারা মনে করেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দিয়ে কোনো সভ্য রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না বলেও মন্তব্য করেন তাঁরা।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, দ্য গার্ডিয়ান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ এবং দ্য ইকোনমিস্ট তার শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ হিসেবে তুলে ধরেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও শেখ হাসিনার শাসনামলের চিত্র উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন হেফাজতের নেতারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪