ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। গত দুই সপ্তাহে দেশজুড়ে ছড়িয়ে পড়া এই আন্দোলনে অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র। তবে প্রকৃত নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানে দীর্ঘদিন ধরে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতির তথ্য বাইরের বিশ্বে পৌঁছাতে পারেনি। সম্প্রতি ধীরে ধীরে কিছু যোগাযোগ ব্যবস্থা সচল হওয়ায় ভয়াবহ হতাহতের তথ্য সামনে আসতে শুরু করেছে। সিবিএস নিউজের সঙ্গে কথা বলা দুটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতায় অন্তত ১২ হাজার মানুষের মৃত্যু নিশ্চিত। তাদের একজন সরাসরি ইরানের ভেতর থেকেই এই তথ্য দিয়েছেন।
অন্যদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী ইরানে বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে তিনি স্বীকার করেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার থেকে ইরানের ভেতরে টেলিফোন যোগাযোগ কিছুটা স্বাভাবিক হলেও দেশের বাইরে সরাসরি ফোন করা এখনও সম্ভব হয়নি। তবুও সিবিএস নিউজের একটি সূত্র সীমিত আকারে তথ্য পাঠাতে সক্ষম হয়েছে। মানবাধিকার সংস্থার প্রতিবেদন, হাসপাতাল ও চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তারা নিহতের সংখ্যা নির্ধারণের চেষ্টা করছে। এসব তথ্যের ভিত্তিতেই নিহতের সংখ্যা ১২ হাজার থেকে বেড়ে ২০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রগুলো জানিয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনী বিভিন্ন হাসপাতালে তল্লাশি চালাচ্ছে এবং আহত ও নিহতদের পরিচয়সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালও জানিয়েছে, তারা অন্তত ১২ হাজার বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য যাচাই করেছে।
এদিকে, ওয়াশিংটনের একটি সূত্র সিবিএসকে জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছে যে, সাম্প্রতিক কয়েক দিনের বিক্ষোভেই ১০ থেকে ১২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। তবে গত পাঁচ দিন ধরে ইরানে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তবুও সিবিএস নিউজ কয়েকটি ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে। একটি ভিডিওতে দেখা যায়, তেহরানের উপকণ্ঠে একটি হাসপাতালের মর্গে সারি সারি মরদেহ রাখা রয়েছে। সংখ্যা প্রায় ৪০০। চিকিৎসকরা মরদেহগুলোর ক্ষত পরীক্ষা করছেন, আর স্বজনরা প্রিয়জনের লাশ খুঁজে বেড়াচ্ছেন। অন্যান্য হাসপাতালেও একই ধরনের হৃদয়বিদারক চিত্র দেখা গেছে।
ইরানে চলমান এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আরও জোরালো হচ্ছে।
সূত্র: সিবিএস নিউজ
রিপোর্টার্স২৪/ঝুম