রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে ভারতীয় এক ব্যক্তির গুলিতে তার স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। ভয়াবহ এই ঘটনায় বাড়ির ভেতরে থাকা তিন শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে জর্জিয়ার লরেন্সভিল শহরের ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাসভবনে এই গুলির ঘটনা ঘটে। গুইনেট কাউন্টি পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘরের ভেতর চারজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করে। নিহত প্রত্যেকের শরীরেই গুলির আঘাত ছিল এবং তারা সবাই ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম বিজয় কুমার (৫১)। তিনি আটলান্টার বাসিন্দা। নিহতদের মধ্যে রয়েছেন- তার স্ত্রী মীমু দোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)। নিহতরা সবাই অভিযুক্তের আত্মীয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনার সময় বাড়ির ভেতরে তিনটি শিশু উপস্থিত ছিল। গোলাগুলি শুরু হলে তারা নিজেদের রক্ষায় একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। ওই শিশুদের একজন সাহসিকতার সঙ্গে ৯১১ নম্বরে ফোন করে জরুরি বার্তা দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। পরে শিশুদের নিরাপদে উদ্ধার করে পরিবারের এক সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
এই ঘটনায় বিজয় কুমারের বিরুদ্ধে চারটি ফৌজদারি হত্যা, চারটি পরিকল্পিত হত্যা, চারটি গুরুতর হামলার অভিযোগসহ প্রথম ও তৃতীয় ডিগ্রিতে শিশু নির্যাতনের একাধিক অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় কনস্যুলেট জানায়, পারিবারিক কলহ থেকে উদ্ভূত এই মর্মান্তিক বন্দুক হামলায় কয়েকজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকাহত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/আয়েশা