| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে গুঁড়ো দুধের কারখানা স্থাপন ও তাঁত শিল্প পুনরুদ্ধারের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৩:৫০:২০:অপরাহ্ন  |  ১৩৩৪০১৬ বার পঠিত
সিরাজগঞ্জে গুঁড়ো দুধের কারখানা স্থাপন ও তাঁত শিল্প পুনরুদ্ধারের প্রতিশ্রুতি জামায়াত আমিরের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের অর্থনীতি চাঙ্গা করতে স্থানীয় সম্ভাবনা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি গুঁড়ো দুধের কারখানা স্থাপন এবং ঐতিহ্যবাহী তাঁত শিল্প পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সিরাজগঞ্জ দেশের ‘দুগ্ধ ভাণ্ডার’ হিসেবে পরিচিত হলেও খামারিরা আজ দুধের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। ২০২৪–২৫ অর্থবছরে বিদেশ থেকে গুঁড়ো দুধ আমদানিতে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, অথচ স্থানীয় খামারিরা লোকসানের মুখে পড়ে দুধ রাস্তায় ঢেলে প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছেন। এটি জাতীয় অর্থনীতির জন্য লজ্জাজনক।

তিনি প্রতিশ্রুতি দেন, জোট সরকার ক্ষমতায় এলে দুধ প্রক্রিয়াজাতকরণের জন্য আর ঢাকায় পাঠাতে হবে না। সিরাজগঞ্জেই আধুনিক ও বৈজ্ঞানিক প্রযুক্তিনির্ভর গুঁড়ো দুধের কারখানা স্থাপন করা হবে। এতে খামারিরা ন্যায্যমূল্য পাবেন, হাজার হাজার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমদানিনির্ভরতা কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

তাঁত শিল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কাঁচামালের সংকট ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে তাঁতিরা দিশাহারা হয়ে পড়েছেন। তাঁত শিল্প স্থবির হয়ে পড়ায় এই অঞ্চলের বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

তিনি বলেন, তাঁতিদের জন্য সহজলভ্য কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা হবে। তাঁত পণ্যের মানোন্নয়ন করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। আমরা তাঁত শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনব।

নদীভাঙন ও নদী রক্ষা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নদী রক্ষায় বাঁধ ও স্ল্যাব নির্মাণে দুর্নীতির কারণে প্রকল্পের অর্থ নদীগর্ভে বিলীন হচ্ছে। রডের বদলে বাঁশ ব্যবহারের মতো অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। নদী খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে এনে মৎস্য সম্পদ ও নৌপথের উন্নয়ন করা হবে।তিনি আরও বলেন, কুটির ও ক্ষুদ্র শিল্পকে শক্তিশালী করলেই বেকারত্ব দূর করা সম্ভব।

সরকার গঠন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ সুযোগ দিলে সবাইকে সঙ্গে নিয়ে সরকার গঠন করব। তবে সরকারে অংশগ্রহণের জন্য তিনটি শর্ত মানতে হবে দুর্নীতিমুক্ত প্রশাসন, ধনী-গরিব নির্বিশেষে ন্যায়বিচার এবং আইনের শাসন, যেখানে সাধারণ নাগরিক ও রাষ্ট্রপতির জন্য একই বিচার কার্যকর হবে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪