| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সবজি থেকে পলিথিন, কলাগাছ থেকে টিন: তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ১৯:২২:৪৫:অপরাহ্ন  |  ২২২৪ বার পঠিত
সবজি থেকে পলিথিন, কলাগাছ থেকে টিন: তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির অভিনব উদ্ভাবন দেখে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের এ সৃজনশীল উদ্যোগে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সামনে নিজের উদ্ভাবিত বিভিন্ন পণ্য উপস্থাপন করেন সাজ্জাদুল ইসলাম। এ সময় প্রধানমন্ত্রী গভীর আগ্রহ নিয়ে তার গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সাজ্জাদুল ইসলাম জানান, ফেলে দেওয়া পচা ও পরিত্যক্ত সবজি প্রক্রিয়াজাত করে তিনি পরিবেশবান্ধব ও পচনযোগ্য পলিথিন তৈরি করেছেন। পাশাপাশি কলাগাছের তন্তু ব্যবহার করে টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ঢেউটিন, টাইলস এবং বোর্ড তৈরির প্রযুক্তিও উদ্ভাবন করেছেন।

সম্পূর্ণ দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব উদ্ভাবনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিই বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম ভিত্তি। তিনি সাজ্জাদুল ইসলামকে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ দেন এবং এসব উদ্ভাবন বাণিজ্যিকভাবে সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মৌলভীবাজারের এ তরুণ উদ্ভাবকের উদ্ভাবন পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রধানমন্ত্রীর উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দেশের তরুণ উদ্ভাবকদের মধ্যেও নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪