| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুৎহীন লাখো মানুষ; বাতিল ১৩ হাজারের বেশি ফ্লাইট

ভয়াবহ তুষারঝড়ে অচল যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ০৪:২৪:০৪:পূর্বাহ্ন  |  ১৬০৩৪১১ বার পঠিত
ভয়াবহ তুষারঝড়ে অচল যুক্তরাষ্ট্র

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের কারণে বহু অঙ্গরাজ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে লাখো মানুষ অন্ধকারে রয়েছে। একই সঙ্গে বরফে ঢেকে যাওয়ায় প্রধান সড়ক ও মহাসড়কগুলো প্রায় অচল হয়ে পড়েছে। খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী তুষারপাতের পাশাপাশি শিলাবৃষ্টি ও হিমবৃষ্টি হতে পারে। তীব্র শীতের প্রভাব কয়েক দিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ভ্রমণ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শনিবার ও রোববার মিলিয়ে দেশজুড়ে ১৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ডালাস-ফোর্ট ওয়ার্থ, শিকাগো, আটলান্টা, ওকলাহোমা সিটি এবং ওয়াশিংটনের বড় বিমানবন্দরগুলোতে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। অনেক বিমানবন্দরে শনিবারের সব ফ্লাইট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়।

পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ১২টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) আগেভাগেই ত্রাণসামগ্রী, উদ্ধারকারী দল ও জরুরি কর্মী মোতায়েন করেছে। কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে বরফের ভারে গাছ ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় টেক্সাস, লুইসিয়ানা ও আশপাশের অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। অনেক এলাকায় বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। জর্জিয়ার কর্মকর্তারা এটিকে গত এক দশকের সবচেয়ে বড় বরফঝড়গুলোর একটি বলে উল্লেখ করেছেন এবং বাসিন্দাদের অন্তত ৪৮ ঘণ্টা ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪