| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাটওয়ারীর ওপর হামলার পেছনে তারেক রহমানের সম্মতি ছিল: নাহিদ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১০:০৯:১৯:পূর্বাহ্ন  |  ১৩১৯৯৩৬ বার পঠিত
পাটওয়ারীর ওপর হামলার পেছনে তারেক রহমানের সম্মতি ছিল:  নাহিদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: হাবিবুল্লাহ বাহার কলেজে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে সরাসরি দায়ী করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, তারেক রহমানের সম্মতিতে এবং মির্জা আব্বাসের নির্দেশেই এ হামলা সংঘটিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “একদিকে তারা মঞ্চে উঠে গণতন্ত্র ও সুশাসনের কথা বলছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিকে সন্ত্রাসী কায়দায় দমন করছে। এই দ্বিচারিতা দিয়ে আওয়ামী লীগের পুরনো রাজনীতিকেই নতুনভাবে পুনর্বাসন করা হচ্ছে আমরা তা মেনে নেব না।

তিনি বলেন, এর আগে শরিফ ওসমান হাদিকে বাধা দেওয়া হয়েছে, আর এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হলো। গণঅভ্যুত্থানের পর দেশ গণতন্ত্রের পথে এগোবে এই প্রত্যাশা ছিল। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এনসিপির তরুণ ও জনপ্রিয় প্রার্থীদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, তারা তরুণদের ভয় পাচ্ছে। কারণ তরুণরা প্রশ্ন তোলে, প্রতিবাদ করে এবং অন্যায় মেনে নেয় না।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আঘাত এলে পাল্টা আঘাতও আসবে। প্রশাসন যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে, তাহলে আমাদের যা করণীয়, আমরা তা করতে বাধ্য হব। তবে আমরা মুখোমুখি সংঘর্ষ চাই না।

তিনি আরও দাবি করেন, এসব ঘটনা একটি বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার কথা আমরা তারেক রহমান বাংলাদেশে ফেরার পর থেকেই শুনে আসছি। পরিকল্পনাটি হলো জনপ্রিয় প্রার্থীদের হেনস্তা করা, নির্বাচনকে একপাক্ষিক করে তোলা, ভোটকেন্দ্র দখল করা এবং ফলাফল নিজেদের পক্ষে নেওয়া। তবে এই পরিকল্পনার চূড়ান্ত জবাব দেওয়া হবে ১২ তারিখ।

জামায়াত প্রসঙ্গে বিএনপির অবস্থানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, তারা অন্যদের অতীত নিয়ে কথা বলে, কিন্তু নিজেদের অতীতের দুঃশাসনের কথা ভুলে যায়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুঃশাসন দেশ দেখেছে, তার জন্য তাদের ক্ষমা চেয়ে নতুন রাজনীতি শুরু করা উচিত ছিল।

মির্জা আব্বাসকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ৩০ টাকা নিয়ে রাজনীতিতে এসে আজ সাম্রাজ্য গড়েছেন। অতীতের আচরণ যদি এখনো না বদলান, তাহলে এর পরিণতি ভালো হবে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪