রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নামে পরিচালিত ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী মশিউর রহমান ধানমন্ডি থানায় এ জিডি করেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এক ফেসবুক পোস্টে মশিউর রহমান এ তথ্য জানান।
জিডিতে বলা হয়েছে, রুহুল কবির রিজভী আহমেদের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে পরিচালিত ভুয়া Facebook ID/Page শনাক্ত, বন্ধ এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ও দৃশ্যমান পদক্ষেপ চাওয়া হয়েছে।
ডায়রিতে বলা হয়, রিজভী আহমেদ ব্যক্তিগতভাবে কোনো Facebook ID/Profile বা Facebook Page পরিচালনা করেন না। তার নামে কোনো Facebook ID/Profile অথবা Page থেকে প্রকাশিত বক্তব্য, পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও, রাজনৈতিক বক্তব্য বা অন্য কোনো ধরনের প্রচারণা তার নিজস্ব বক্তব্য বা অনুমোদিত বক্তব্য হিসেবে গণ্য করা যাবে না। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি/অজ্ঞাতনামা ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রুহুল কবির রিজভী আহমেদের নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি/প্রোফাইল এবং পেজ পরিচালনা করছে। এসব অ্যাকাউন্টের মধ্যে একটি Facebook ID/Profile-এ Blue Verification/Blue Mark ব্যবহৃত হচ্ছে, যার ফলে সাধারণ জনগণের মধ্যে ওই অ্যাকাউন্টটি রুহুল কবির রিজভী আহমেদের প্রকৃত ও অনুমোদিত Facebook Account—এমন বিভ্রান্তি সৃষ্টি হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। ওই ভুয়া ফেসবুক আইডি/প্রোফাইল ও পেজ ব্যবহার করে রুহুল কবির রিজভী আহমেদের নামে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, রাজনৈতিক মতামত, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রকাশ/প্রচার করা হচ্ছে বা ভবিষ্যতে করার সম্ভাবনা রয়েছে। এর ফলে তার ব্যক্তিগত সুনাম, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিকভাবে ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তার পরিচয় ও ব্যক্তিত্বের অপব্যবহার করা হচ্ছে এবং তার নামে মিথ্যা বক্তব্য প্রচারের মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, রুহুল কবির রিজভী আহমেদ তার নামে পরিচালিত ভুয়া ফেসবুক আইডি ও প্রোফাইল সম্পর্কে এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবহিত করেছেন এবং এ বিষয়ে পল্টন থানায় একাধিকবার সাধারণ ডায়রি করেছেন। বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতে সেসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আরও গুরুতর কোনো অপপ্রচার, প্রতারণা, বিভ্রান্তিকর তথ্য প্রচার, মানহানিকর বক্তব্য, রাজনৈতিক উসকানি অথবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ড সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
ডায়েরিতে বিনীতভাবে পুলিশ কর্তৃপক্ষের কাছে নিম্নলিখিত বিষয়ে সহযোগিতা পদক্ষেপ গহণের অনুরোধ জানানো হয়েছে—
রুহুল কবির রিজভী আহমেদের নাম, ছবি ও পরিচয় ব্যবহারকারী উল্লিখিত ভুয়া আইডি ও পেজগুলোর বিষয়ে সাধারণ ডায়েরিভুক্ত করে তদন্ত করা। সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজগুলোর URL, Profile/Page ID, Username, Blue Verification status, পোস্ট, ছবি, ভিডিও ও অন্য ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করা।
সংশ্লিষ্ট অ্যাকাউন্টের প্রকৃত পরিচালনাকারী ব্যক্তি/ব্যক্তিদের প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে শনাক্ত করা। প্রয়োজনীয় ক্ষেত্রে Facebook/Meta কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ এবং ভুয়া অ্যাকাউন্টসমূহ বন্ধ/অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
তদন্তে অপরাধের উপাদান পাওয়া গেলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং প্রচলিত অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে দায়ী ব্যক্তি/ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ভবিষ্যতে রিজভী আহমেদের নাম ও পরিচয় ব্যবহার করে কোনো ধরনের প্রতারণা, অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার রোধে প্রয়োজনীয় আইনগত ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা।
বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হওয়ায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম