সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শেরপুর জেলার ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সশস্ত্র হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের শাহাদাত বরণে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ফেসবুকে এক বিবৃতিতে তিনি বলেন, ঝিনাইগাতীতে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি। অনুষ্ঠানের শুরুতেই সাধারণ ভোটার ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিহিংসাপরায়ণ সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের সমর্থকদের ওপর বর্বরোচিত হামলা চালায়।
এই হামলায় গুরুতর আহত হয়ে মাওলানা রেজাউল করিম শাহাদাত বরণ করেন। এছাড়া প্রার্থীসহ শতাধিক নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ আহত হন। তিনি বলেন, রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার এবং ভিন্নমতের ওপর সশস্ত্র হামলার মাধ্যমে নির্বাচনকে ভয়ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে প্রভাবিত করার অপচেষ্টা দেশের মানুষ কখনোই মেনে নেবে না। এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, আহতদের হাসপাতালে নেওয়ার সময় সন্ত্রাসীদের পথ অবরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েও নিরাপদে আহতদের হাসপাতালে পৌঁছানো সম্ভব না হওয়া অত্যন্ত উদ্বেগজনক ও প্রশ্নবিদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যেখানে পুলিশের সাংবিধানিক দায়িত্ব, সেখানে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের ভূমিকা রহস্যজনক ও নিন্দনীয়।
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্পষ্ট জবাব দাবি করে বলেন, নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থী ও সাধারণ ভোটারের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার এবং কেন সেই দায়িত্ব পালনে ব্যর্থতা দেখা গেল—এর দায় এড়ানোর কোনো সুযোগ নেই।
বিবৃতির শেষাংশে তিনি অবিলম্বে মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার, অস্ত্র উদ্ধার, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সকল নির্বাচনী কর্মসূচিতে পর্যাপ্ত ও নিরপেক্ষ নিরাপত্তা নিশ্চিত করে সন্ত্রাসমুক্ত পরিবেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই শহীদি রক্ত বৃথা যাবে না। দেশের শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ থেকে সকল সন্ত্রাস, জুলুম ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে দৃঢ় অবস্থান নেবে।
রিপোর্টার্স২৪/বাবি