রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর রামপুরায় গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে ভবনের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি এবং একই ঘটনায় আরও দুজনকে হত্যার মামলায় আজ রায় ঘোষণা হতে যাচ্ছে। বুধবার (৪ মার্চ) বহুল আলোচিত এ মামলার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলায় আসামি করা হয়েছে হাবিবুর রহমান সহ পাঁচজনকে। তিনি তখন ঢাকা মহানগর পুলিশ-এর কমিশনার ছিলেন। রাষ্ট্রপক্ষ তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে গত ২৯ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল আজ রায় ঘোষণা করবেন।
ডিএমপি’র সাবেক কমিশনার ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন,খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকার।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ছাত্র-জনতার আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আমির হোসেন রামপুরায় কাজ শেষে ফুফুর বাসায় ফিরছিলেন। বনশ্রী-মেরাদিয়া সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পাশের একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে ওঠেন তিনি।
অভিযোগ রয়েছে, পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন আমির। তখনও থামেনি গুলি তাকে লক্ষ্য করে কয়েক দফা গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে তিন তলায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রীর একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। দীর্ঘ চিকিৎসার পর তিনি বেঁচে ফেরেন।
একই দিন ঘটনাস্থলের সামনে আরও দুজনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে, যা এই মামলার অন্তর্ভুক্ত।
গত ২৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম শুনানিতে অংশ নিয়ে পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। যুক্তিতর্ক শেষে গত ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করে।
রিপোর্টার্স২৪/ঝুম