রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নিরাপত্তা পর্যালোচনা শেষে কানাডা সরকার জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক-কে দেশটিতে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।
সোমবার এক বিবৃতিতে কানাডার শিল্পমন্ত্রী মেলানি জোলি জানান, নির্দিষ্ট আইনি শর্ত মেনে টিকটক তাদের কার্যক্রম চালু রাখতে পারবে এবং বিনিয়োগ পরিকল্পনাও এগিয়ে নিতে পারবে। এই সিদ্ধান্তের ফলে দেশে কর্মসংস্থান বজায় থাকবে এবং টিকটক সাংস্কৃতিক খাতে বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণে কানাডার শিল্প মন্ত্রণালয় টিকটকের ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছিল। তবে ফেডারেল আদালত গত জানুয়ারিতে সেই সিদ্ধান্ত বাতিল করে এবং বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেয়।
নতুন সমঝোতার অংশ হিসেবে, কানাডীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করতে টিকটক অতিরিক্ত ব্যবস্থা নেবে। এর মধ্যে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, গোপনীয়তা সুরক্ষা প্রযুক্তি এবং অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষা। তথ্য সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য স্বাধীন তৃতীয় পক্ষ নিয়োগ করা হবে।
টিকটক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স-এর মালিকানাধীন। ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে কানাডাসহ বিভিন্ন দেশের নজরদারি চলছিল। নতুন সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালু রাখতে পারবে।
রিপোর্টার্স২৪/ঝুম