রিপোর্টার্স২৪ ডেস্ক: ওয়েবসাইট তৈরির প্রক্রিয়া আরও সহজ করতে নতুন একটি টুল চালু করেছে ওয়ার্ডপ্রেস। এই টুল ব্যবহার করে সরাসরি ব্রাউজার থেকেই ওয়েবসাইট তৈরি করা যাবে, এজন্য আলাদা অ্যাকাউন্ট বা হোস্টিংয়ের প্রয়োজন নেই।
নতুন সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীরা যেতে পারবেন my.WordPress.net ঠিকানায়। সেখানে একটি আলাদা ওয়ার্কস্পেস খোলা হবে, যেখান থেকেই ওয়েবসাইট তৈরির কাজ শুরু করা যাবে।
ওয়ার্ডপ্রেস জানিয়েছে, এই ওয়েবসাইটগুলো মূলত ব্যক্তিগত ব্যবহারের জন্য। এগুলো সার্চ বা ট্রাফিকের জন্য অপটিমাইজ করা হবে না। তবে লেখা, নোট রাখা, গবেষণা, নতুন প্লাগইন বা থিম পরীক্ষা করার জন্য এটি ব্যবহারযোগ্য। ব্যবহারকারীর ডেটা ব্রাউজারে সংরক্ষিত থাকবে এবং কোথাও আপলোড হবে না। ওয়েবসাইট তৈরির জন্য শুধু নাম লিখলেই শুরু করা যাবে।
নতুন টুলটি WordPress Playground প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। শুরুতে ব্যবহারকারীরা প্রায় ১০০ মেগাবাইট স্টোরেজ পাবেন। এতে বিল্ট-ইন কিছু প্লাগইন থাকবে, যেমন: ব্যক্তিগত আরএসএস রিডার, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা (CRM) টুল এবং একটি এআই-চালিত সহকারী।
বিশেষজ্ঞদের মতে, নতুনদের জন্য ওয়েবসাইট তৈরির অনুশীলনে এটি সহায়ক হবে, কারণ হোস্টিং বা ডোমেইন কেনার ঝামেলা নেই। ওয়েব ডেভেলপাররাও এতে নতুন ফিচার বা প্লাগইন সহজে পরীক্ষা করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এমন ব্রাউজারভিত্তিক টুল ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকে আরও সহজ ও প্রযোজ্য করবে।
রিপোর্টার্স২৪/ ঝুম