| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তালবাহানা চলছে: আখতার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ০৬:৫৬:১৫:পূর্বাহ্ন  |  ২১০৪৪২৯ বার পঠিত
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তালবাহানা চলছে: আখতার

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, কাঙ্ক্ষিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকার তালবাহানা করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন আখতার হোসেন। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পেছনে মানুষের ন্যায়বিচার ও মানবিক মর্যাদার স্বার্থ ছিল। কিন্তু অর্ধশতাব্দীর বেশি সময় ধরে দেশে বারবার স্বৈরাচার এসেছে। ২০২৪ সালে দেশের ছাত্র, শ্রমিক ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে আরেকটি বিজয় অর্জন করেছে।

এনসিপি নেতা আরও বলেন, স্বাধীনতা দিবসে আমরা যেমন বীর শহীদদের স্মরণ করি, তেমনি তাদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষার শপথ নিয়েই এগোতে চাই। জুলাই অভ্যুত্থানের পর গণভোটে জনগণ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ বলেছেন। কিন্তু এখন সেই রায় বাস্তবায়নে তালবাহানা করা হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণা এবং জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সংগত নয়।

তিনি দেশের সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। আখতার হোসেন বলেন, “জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরেই নতুন সংবিধানের দাবি জানাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্য দিয়ে নতুন সংবিধান বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে তা বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে।”

আখতার হোসেন বলেন, “জনগণ কোনোভাবেই এই প্রতারণা মেনে নেবে না। আমাদের লক্ষ্য হলো ১৯৭১ সালের বীর শহীদদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করা।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪