স্টাফ রিপোর্টার: পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি রাম নবমী উদযাপনে রাজধানীতে বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
সকালে সকাল ৯টায় শ্রী রামচন্দ্রের পুজা, যজ্ঞ ও আরতি অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় শ্রী শ্রী সীতানাথ মন্দির থেকে দয়াগঞ্জ শ্রী শ্রী শিব মন্দির হয়ে পুনরায় রামসীতা মন্দির পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
শোভাযাত্রার পূর্বে হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, সিনিয়র সহ সভাপতি দুলাল চন্দ্র দাস, সহ সভাপতি নিতাই দে সরকার, হিন্দু যুব মহাজোট সভাপতি ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু, সাধারণ সম্পাদক সুজন গাইন এবং হিন্দু ছাত্র মহাজোট সভাপতি সজিব কুন্ডু।
বক্তাগণ ভগবান রামচন্দ্রের শিক্ষণীয় দিকগুলো নিয়ে আলোচনা করেন এবং রাম নবমীর দিনটিকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান।
রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, পাবনা সহ দেশের অন্যান্য জেলাতেও হিন্দু মহাজোটের উদ্যোগে রামচন্দ্রের পুজা, শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের কার্যক্রম পালিত হয়।
রিপোর্টার্স২৪/এসসি