| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার দেশে ফেরা ও বাংলাদেশে নাশকতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৬ ইং | ২২:২২:২৩:অপরাহ্ন  |  ১৭৬ বার পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা ও বাংলাদেশে নাশকতা

কালাম আজাদ:

২০০৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। একইসঙ্গে সেদিন তিনি ভারতে 'পালিয়ে' আশ্রয় নেন। এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর আগে ক্ষমতায় থাকাকালে ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিলো আওয়ামী লীগ। পরে ২০২৪ সালে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর জামায়াত রাজনীতি করার অধিকার ফিরে পেয়ে দলটিকে নিষিদ্ধ করার জোর দাবি তোলে। পরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু আমি বলবো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান ধারণ করে, যেই দলই রাজনীতি করুক না কেনো, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা উচিত নয়। একমাত্র নিষিদ্ধ করা উচিত জঙ্গি সংগঠনগুলোকে।

গেলো ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৩০০ আসনের মধ্যে তাঁর দল বিএনপি পায় ২১০টি। কিন্তু নির্বাচনের আগে বিএনপির অনেক প্রার্থী আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে ভোট চান। বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে থাকা মামলা তুলে নেওয়া হবে। অথচ এখন ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগকেই সবচেয়ে বড় প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি। যদিও একটানা ১৬ বছর আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরাই। তবুও কোনও রাজনৈতিক দলকেই নিষিদ্ধ রাখা ঠিক নয়।

বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। এদিন দেশের প্রধান আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনালের একাংশের উদ্বোধন করা হবে। আর সেদিনই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। শুনতে মনে হচ্ছে, শেখ হাসিনা আসবেন, তাই বিএনপি থার্ড টার্মিনাল উদ্বোধন করে দিচ্ছে। বিষয়টি শুনতে এমন মনে হলেও আসলে তা সম্পূর্ণ ভিন্ন। কারণ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী। তাই তিনি দেশে ফিরলে, তাকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিএনপির ভাষ্য। আর আওয়ামী লীগের ভাষ্য বোঝা যাচ্ছে, তাদের কর্মকাণ্ড দেখে। কারণ দেশে গত কয়েকদিনে ২১৩টি নাশকতার ঘটনা ঘটানো হয়েছে। যার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটিয়েছে বলে সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং গ্রেপ্তারদের দেখে প্রতীয়মান হয়। এ অবস্থায় শেখ হাসিনার ফেরা নিয়ে বিএনপি বড় অস্বস্তিতে রয়েছে। কারণ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ হাসিনার বাবাসহ তার পরিবারের সদস্যদের হত্যার পর প্রবাসে থাকা শেখ হাসিনা ফেরেন ১৯৮১ সালে। তার ফেরার মাত্র ১৩ দিনের মাথায় খুন হন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা জিয়াউর রহমান। এ খুনের পেছনে শেখ হাসিনা এবং প্রতিবেশি একটি দেশের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এবার শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় স্বভাবতই বর্তমান বিএনপি সরকার ভালো নেই। তাছাড়া শেখ হাসিনার জেলা গোপালগঞ্জে পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেওয়া ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় নাশকতার ঘটনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উঠছে প্রশ্ন। এ অবস্থায় আওয়ামী লীগকে প্রতিহত করতে সহমত পোষণ করেছে ক্ষমতাসীন বিএনপি, প্রধান বিরোধী দল জামায়াত এবং গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের দল এনসিপি। 

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ চাইছে শান্তি। তাঁরা কখনোই জ্বালাও-পোড়াও পছন্দ করেনি এবং করবেও না। সুতরাং কীভাবে বর্তমান পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করবে এবং আওয়ামী লীগ তা কীভাবে নেবে তা-ই এখন দেখার বিষয়। তবে একটি কথা উল্লেখ করা যায়, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা দেশে ফেরার আশার আলো পাওয়ার মূল কারণ বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বন্দি অবস্থায় আছেন, তাদের কারোরই কিন্তু মৃত্যুদণ্ডের রায় হয়নি। মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, একমাত্র যারা দেশের বাইরে আছেন, তাদের। সুতরাং যারা দেশের বাইরে আছেন, 'তাদেরকে চাপে রাখতেই' এমন রায় দেওয়া হয়েছে বলেই প্রতীয়মান হয়। সুতরাং এই অবস্থায় এবং নিজের দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ঢুকবেন বা ঢোকার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। 

এই অবস্থায় আমি বলবো, আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনীতি করার সুযোগ দিন এবং দলটির নেতাকর্মীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ন্যায় বিচার করুন। যারা দোষী, তাদেরকে সাজা দিন। যারা দোষ করেননি, তাদেরকে রাজনীতি এবং নির্বাচন করার সুযোগ দিন। দেশটাকে নিয়ে খেলবেন না। কারণ এই দেশ আমার আপনার সকলের। এই দেশ ৩০ লাখ শহিদের।

লেখক: কালাম আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪