ইন্টারন্যাশনাল ডেস্ক:যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা বলেছে, বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায়।পোস্টে বলা হয়েছে, যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত’ হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাইলটের ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি।
ইরানের অপর বার্তাসংস্থা মেহের জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানটিতে পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। কারণ বিমানটিতে এতটাই দ্রুত বিধ্বস্ত হয়েছে যে তিনি আর বের হতে পারেননি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। যদিও এর আগে ইরানের বিমান ভূপাতিত করার দাবি অস্বীকার করেছিল তারা।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের মধ্যে তীব্র আকাশযুদ্ধ চলছে। ইরান দাবি করছে যে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ডিফেন্স সিস্টেম যেকোনো আধুনিক যুদ্ধবিমান শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।
অন্যদিকে, মার্কিন প্রশাসন এই যুদ্ধকে তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে ‘প্রতিরক্ষামূলক’ হিসেবে বর্ণনা করলেও নিজ দেশে এই ব্যয়বহুল সংঘাত নিয়ে ক্রমবর্ধমান জনরোষের মুখে রয়েছে। দ্বিতীয় এফ-৩৫ ভূপাতিত করার এই খবর যদি সত্য প্রমাণিত হয়, তবে তা বৈশ্বিক ভূ-রাজনীতিতে ওয়াশিংটনের সামরিক শ্রেষ্ঠত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে।
সূত্র : আল জাজিরা
রিপোর্টার্স২৪/এন এইচ