আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বাণিজ্যের বড় একটি অংশই নির্ভর করে সমুদ্রপথের ওপর। কৌশলগত অবস্থান, গুরুত্বপূর্ণ প্রণালি, খাল ও বন্দর ঘিরে গড়ে ওঠা এসব নৌপথ বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। বিশেষ করে সুয়েজ খাল, পানামা খাল, মালাক্কা প্রণালী এবং হরমুজ প্রণালীর মতো চোকপয়েন্টগুলো বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিচে বিশ্বের ১০টি প্রধান সমুদ্র বাণিজ্য রুট তুলে ধরা হলো:
১. ট্রান্স-প্যাসিফিক রুট
প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত এই রুট পূর্ব এশিয়ার উৎপাদন কেন্দ্র (বিশেষত চীন) থেকে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে পণ্য পরিবহন করে। ইলেকট্রনিকস, গাড়ি ও পোশাক এই রুটের প্রধান পণ্য।
২. এশিয়া-ইউরোপ রুট
এই রুট ইউরোপ ও এশিয়ার মধ্যে প্রধান বাণিজ্য সংযোগ। এর কেন্দ্রবিন্দু সুয়েজ খাল যা ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করে। বছরে বিপুল পরিমাণ পণ্য এই পথে পরিবাহিত হয়।
৩. ট্রান্স-আটলান্টিক রুট
আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উত্তর আমেরিকা ও ইউরোপকে যুক্ত করে। শিল্পপণ্য, রাসায়নিক ও যন্ত্রপাতি পরিবহনে গুরুত্বপূর্ণ।
৪. দক্ষিণ আমেরিকা–ইউরোপ রুট
দক্ষিণ আমেরিকার কৃষিপণ্য ও খনিজ ইউরোপে পরিবহনের জন্য ব্যবহৃত হয়। কফি, সয়াবিন ও লৌহ আকরিক এই রুটের প্রধান পণ্য।
৫. ইন্ট্রা-এশিয়া রুট
এশিয়ার ভেতরেই সবচেয়ে ব্যস্ত নৌপথগুলোর একটি। দক্ষিণ চীন সাগর = ভারত মহাসাগর হয়ে বিভিন্ন দেশের মধ্যে পণ্য আদান-প্রদান হয়।
৬. পানামা খাল রুট
পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে, ফলে দীর্ঘ পথ ঘুরে যাওয়ার প্রয়োজন হয় না।
৭. এশিয়া–মধ্যপ্রাচ্য রুট
আরব সাগর হয়ে এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে জ্বালানি ও পণ্য পরিবহন হয়। এখানে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৮. ইউরোপ–যুক্তরাজ্য রুট
ইংলিশ চ্যানেল = ডোভার স্ট্রেট হয়ে ইউরোপ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিদিন শত শত জাহাজ চলাচল করে।
৯. রাশিয়া–ইউরোপ রুট
বাল্টিক সাগর ও ড্যানিশ প্রণালিগুলো হয়ে জ্বালানি ও কাঁচামাল পরিবহন হয়।
১০. লোহিত সাগর রুট
লোহিত সাগর হয়ে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে বাণিজ্য পরিচালিত হয়। বাব এল-মান্দেব প্রণালি এখানে একটি গুরুত্বপূর্ণ চোকপয়েন্ট।
বিশেষজ্ঞদের মতে, এসব সমুদ্রপথ শুধু পণ্য পরিবহনের মাধ্যম নয় বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত। কোনো একটি গুরুত্বপূর্ণ রুট বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। সূত্র: মেরিন ইনসাইট ডেইলি নিউজলেটার
রিপোর্টার্স২৪/এসসি