| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ০৬:১০:৩৬:পূর্বাহ্ন  |  ৮৮৬৯৫ বার পঠিত
মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৮ এপ্রিল) রাতে চেমোরের কানথান শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যম জানায়, রাত ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি শ্রম বিভাগ (জেটিকে), পুলিশ (পিডিআরএম), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)-এর সদস্যরা অংশ নেন।

পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, প্রথম একটি কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় তাদের আটক করা হয় বলে জানান তিনি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক শ্রমিকদের অনেকেই ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন। এছাড়া একই মূল কোম্পানির অধীন দুটি কারখানায় অন্য খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

জেমস লি বলেন, আটক শ্রমিকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারায় তদন্ত করা হবে। পাশাপাশি শ্রম বিভাগও নিজস্ব আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, গত বছরের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই কারখানাগুলোতে অভিযান চালানো হলো। এ ক্ষেত্রে শুধু শ্রমিক নয়, অপরাধে জড়িত নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪