| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম দিনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৫৭৮ জন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ০০:০৮:৩০:পূর্বাহ্ন  |  ৬৩৫০৪ বার পঠিত
প্রথম দিনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৫৭৮ জন

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৭৮ জন আগ্রহী প্রার্থী। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, আগ্রহী প্রার্থীরা রোববার (১২ এপ্রিল) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।

রিজভী বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিগত সময়ে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই যোগ্য প্রার্থী বাছাই করা হবে। তিনি আরও বলেন, বিরোধীদলে থাকার কারণে দলের নারী নেত্রীদের নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে, তাই মনোনয়ন বোর্ড সবদিক বিবেচনা করে প্রার্থী চূড়ান্ত করবে।

এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭-২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি আসন নির্ধারিত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪