রিপোর্টার্স২৪ ডেস্ক: সফল চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা-এর আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। দশ দিনের এই অভিযান শেষে শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে অবতরণ করে তাদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল।
স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে সাগরে অবতরণের পর কিছু সময় অপেক্ষা করে উদ্ধারকারী দলের সহায়তায় ক্যাপসুল থেকে বের হন নভোচারীরা। উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও অংশ নেয়। পরে রাতটি তারা নৌবাহিনীর জাহাজে কাটান এবং শনিবার টেক্সাসের হিউস্টোনে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে।
গত ১ এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে আর্টেমিস-২। অভিযানে অংশ নেন চার নভোচারী— রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন। এদের মধ্যে প্রথম তিনজন যুক্তরাষ্ট্রের এবং হ্যানসেন কানাডার নাগরিক।
নাসা জানিয়েছে, অভিযানের সময় মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণসহ চাঁদের ফ্লাইবাই সম্পন্ন করে প্রায় ১১ লাখ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে। ফ্লাইবাইয়ের সময় চাঁদের খুব কাছ দিয়ে গেলেও সেটির মহাকর্ষীয় কক্ষপথে আবদ্ধ হয়নি মহাকাশযানটি।
পৃথিবীতে ফেরার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত শ্বাসরুদ্ধকর। বায়ুমণ্ডলে প্রবেশের পর মাত্র ১৩ মিনিটে ক্যালিফোর্নিয়া উপকূলে পৌঁছায় ওরিয়ন ক্যাপসুল। এ সময় ঘর্ষণে এর বাইরের তাপমাত্রা প্রায় ২,৭০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং কিছু সময়ের জন্য রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তীব্র তাপের কারণে অবতরণের পরও ক্যাপসুল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় উদ্ধারকারী দলকে। তবে ভেতরে থাকা নভোচারীরা সম্পূর্ণ নিরাপদ ছিলেন এবং সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে নাসা।
এই মিশনকে ঘিরে রয়েছে একাধিক ঐতিহাসিক দিক। ১৯৭০ সালের অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে আর্টেমিস-২ চাঁদের কাছাকাছি সর্বাধিক দূরত্ব অতিক্রম করেছে। পাশাপাশি, এই প্রথম কোনো চন্দ্রাভিযানে নারী নভোচারী হিসেবে অংশ নেন ক্রিস্টিনা কোচ এবং আন্তর্জাতিক অংশীদার হিসেবে যুক্ত হন কানাডার জেরেমি হ্যানসেন।
উল্লেখ্য, নাসা ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে প্রথমবার মানুষের চাঁদে অবতরণ নিশ্চিত করে। সেই মিশনে অংশ নেন নিল আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স।
নতুন করে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে ২০২৮ সালের মধ্যে মানব মিশন পরিচালনার পরিকল্পনার অংশ হিসেবেই আর্টেমিস-২ পরিচালিত হয়।
মিশনের শেষ মুহূর্তে পৃথিবীতে ফেরার আগে কমান্ডার রেইড ওয়াইজম্যান বলেন, “আমরা জানালা দিয়ে চাঁদের দারুণ দৃশ্য দেখেছি—মনে হচ্ছে, এখন আমাদের ফিরে যেতে হবে।”
সূত্র: রয়টার্স
রিপোর্টার্স২৪/ঝুম