ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা প্রায় ২১ ঘণ্টা ধেের চলা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় শেষ পর্যন্ত কোনও সমঝোতা হয়নি। দীর্ঘ বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও, দুই পক্ষের অবস্থানগত পার্থক্য কাটেনি। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা দ্বিতীয় দিনে গড়ানোর পর রোববার (১২ এপ্রিল) তিনি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স| তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল মুনিরের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, আলোচনার যে কোনো ত্রুটি-বিচ্যুতির জন্য পাকিস্তানিরা দায়ী নয়, কারণ তারা অসাধারণ কাজ করেছে।
ভ্যান্স বলেন, আমরা ২১ ঘণ্টা ধরে আলোচনা করছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও করেছি, এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, যোগ করেন তিনি।
যুক্তরাষ্ট্র সৎ উদ্দেশ্য নিয়েই এসেছিল’ উল্লেখ করে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র নমনীয় মনোভাব এবং ‘সৎ উদ্দেশ্য নিয়েই’ আলোচনায় এসেছিল, কিন্তু দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় বিষয়টি দুর্ভাগ্যজনক।
তিনি আরও বলেন, আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব নিয়ে যাচ্ছি, বোঝাপড়ার পদ্ধতি, যা আমাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব। দেখা যাক, ইরানিরা সেটি গ্রহণ করে কি না, বলেন তিনি।
আলোচনার ক্ষেত্রে মার্কিন দৃষ্টিভঙ্গি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমার মনে হয় আমরা বেশ নমনীয় ছিলাম, আমরা বেশ মানিয়ে চলার মানসিকতায় ছিলাম।
কয়েক ঘণ্টার এই আলোচনার সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুবার কথা বলেছেন। আমি জানি না আমরা তার সঙ্গে কতবার কথা বলেছি, গত ২১ ঘণ্টায় হয়তো ছয়বার বা বারোবার, বলেন ভ্যান্স।
সংবাদ সম্মেলনে ভ্যান্সের পেছনে ছিলেন ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, যারা ইরানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধিদলের সদস্য ছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই তিনি ইসলামাবাদ ছাড়েন।সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তান সময় রবিবার সকাল ৭টা ৮ মিনিটে (জিএমটি ২টা ০৮ মিনিট) ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে চড়েন।উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান।
সূত্র : বিবিসি, এএফপি
রিপোর্টার্স২৪/এম এইচ