আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও’র প্রকাশ্য দ্বন্দ্ব রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই বিরোধ ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ ক্যাথলিক ভোটব্যাংকে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।
বিশেষ করে ইরান যুদ্ধ এবং পোপকে উদ্দেশ করে ট্রাম্পের তীব্র সমালোচনা ও বিতর্কিত এআই-চিত্র প্রকাশের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ক্যাথলিকদের মধ্যেও এ নিয়ে অসন্তোষ দেখা যাচ্ছে, যা ট্রাম্পের জন্য অস্বস্তিকর ইঙ্গিত।
ক্যাথলিক বিশপ জোসেফ স্ট্রিকল্যান্ড, যিনি অতীতে ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন, এবার প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা করে পোপের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, এই সংঘাতকে ন্যায্য যুদ্ধ বলা যায় না। এটি নৈতিক সত্যের প্রশ্ন, রাজনীতির নয়।
বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের বৈধতা নিয়ে ক্যাথলিক ধর্মতত্ত্বের ‘ন্যায্য যুদ্ধ তত্ত্ব’ (Just War Theory) বড় বিতর্কে পরিণত হয়েছে। যুদ্ধের ফলে বেসামরিক মানুষের প্রাণহানি এবং মানবিক সংকট অনেক ক্যাথলিক নেতাকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করেছে।
এদিকে, ট্রাম্পের পোপবিরোধী বক্তব্য ও নিজেকে খ্রিস্টসদৃশ দেখিয়ে তৈরি করা এআই ছবি নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। রক্ষণশীল ক্যাথলিক নেতাদের মতে, পোপ কেবল একটি রাষ্ট্রপ্রধান নন, বরং তিনি খ্রিস্টের প্রতিনিধি,তাকে আক্রমণ করা মানে পুরো চার্চকে আঘাত করা।
যুক্তরাষ্ট্রের ক্যাথলিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন দীর্ঘদিনের হলেও, ইরান যুদ্ধের প্রশ্নে ডান ও বাম উভয় পক্ষের মধ্যে একটি বিরল ঐকমত্য তৈরি হয়েছে বলে মনে করছেন গবেষকরা।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ক্যাথলিক ভোটাররা সাধারণত রাজনৈতিকভাবে বিভক্ত। তবে সাম্প্রতিক ঘটনাবলিতে পোপের যুদ্ধবিরোধী অবস্থান অনেকের সমর্থন পাচ্ছে।
ভ্যাটিকান সূত্র বলছে, এটি ব্যক্তিগত দ্বন্দ্ব নয়; বরং যুদ্ধের নৈতিক সীমা নির্ধারণের প্রশ্নে পোপ তার অবস্থান স্পষ্ট করেছেন। পোপ লিও ইরানে সম্ভাব্য ধ্বংসের হুমকিকে “অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন পোপের প্রভাব খাটো করার চেষ্টা করলেও, এই বিরোধ উল্টো পোপের নৈতিক অবস্থানকে আরও জোরালো করে তুলেছে। ফলে ক্যাথলিক ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি